, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

এলপিজি সরবরাহ পর্যাপ্ত, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ লোয়াবের

নিজস্ব প্রতিবেদক

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির দাবি, চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত এলপিজি রয়েছে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে প্রায় ১ দশমিক ৫৬ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর আগে আগস্টে আমদানি হয়েছিল প্রায় ১ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন।

লোয়াব জানায়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এলপিজি খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এর আগে ওই সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানির তথ্য উপস্থাপন করা হয়েছিল।

লোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি করলে বা নিয়মবহির্ভূতভাবে মজুত করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত দামে এলপিজি বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির অভিযোগের বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লোয়াবের পক্ষ থেকে সংগঠনের সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত