, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

পশ্চিমবঙ্গের স্কুলপাঠ্যে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গে প্রাক্-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের পাঠ্যক্রমে একাধিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইতিহাস, বাংলা সাহিত্য ও ভাষার বিভিন্ন অংশেও পরিবর্তনের সুপারিশ করেছে রাজ্য সরকারের গঠিত সিলেবাস-কাম-কারিকুলাম কমিটি।

কমিটির চেয়ারম্যান ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি জানিয়েছেন, এটি পুরো পাঠ্যক্রম আমূল বদলে ফেলার উদ্যোগ নয়; বরং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের অংশ। কমিটির সুপারিশ ইতোমধ্যে রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সংশোধিত পাঠ্যক্রম ২০২৭ সালের শুরু থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বাংলা সাহিত্যের পাঠ্যসূচিতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতার পরিবর্তে ‘শিবাজি উৎসব’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। একইভাবে শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাটকের পরিবর্তে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ রাখার প্রস্তাব এসেছে।

ইতিহাসের অংশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, অবদান ও ঐতিহাসিক ভূমিকা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি শ্রেণির পাঠ্যবইয়ের শুরুতেই তাঁর বিষয়ে একটি অংশ রাখার কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান।

পাশাপাশি মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অংশ সংক্ষিপ্ত করার এবং কমিউনিজম-সংক্রান্ত বিষয়বস্তু পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে। কমিটির বক্তব্য অনুযায়ী, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের বিষয়ে শিক্ষার্থীদের আরও তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এর সঙ্গে পশ্চিমবঙ্গের আগের সরকারের সময়ে পাঠ্যক্রমে যুক্ত হওয়া সিঙ্গুর আন্দোলন এবং কন্যাশ্রী প্রকল্প-সংক্রান্ত বিষয় বাদ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

ভাষার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। ‘পানি’র পরিবর্তে ‘জল’ এবং ‘আব্বা’, ‘আম্মা’র মতো কিছু শব্দের পরিবর্তে অন্য বাংলা শব্দ ব্যবহারের প্রস্তাবের কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান।

তবে এসব পরিবর্তন এখনো চূড়ান্ত নয়। কমিটির সুপারিশ রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পরই নতুন পাঠ্যবইয়ে পরিবর্তনগুলো কার্যকর হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত