, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ এবং কয়েক হাজার সেনা ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। এতে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করতে পারে।

আল–জাজিরার প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এর পরদিন মেরিন এক্সপেডিশনারি ইউনিটও যাত্রা শুরু করে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মোতায়েনে ৯ থেকে ১০ হাজারের মতো অতিরিক্ত মার্কিন সেনা যুক্ত হতে পারেন। এর মধ্যে নৌবাহিনীর সদস্য ও মেরিন সেনারাও থাকবেন।

নতুন মোতায়েনে এফ–৩৫ যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম যুক্ত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার নির্দেশ দিলে তা বাস্তবায়নের জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

তবে নতুন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের অর্থ অবিলম্বে বড় ধরনের সামরিক অভিযান শুরু হবে—এমন নিশ্চয়তা নেই। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, কূটনৈতিক আলোচনা চললেও সামরিক বিকল্প প্রস্তুত রাখার অংশ হিসেবেই এই মোতায়েন করা হচ্ছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও রয়েছে। হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা এবং হামলা বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত