, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

ব্লাড ক্যানসারের কাছে হার মানলেন চবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম। তাঁর মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মহুয়ার মৃত্যুর খবরটি সহপাঠীদের জানান তাঁর বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, মহুয়ার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তাঁর পরিবার ঢাকার সাভার উপজেলায় বসবাস করত।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে আক্রান্ত হন মহুয়া। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। রোগের জটিলতা বাড়ায় একপর্যায়ে তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। তখন জরুরি ভিত্তিতে প্লাটিলেট সংগ্রহের প্রয়োজন হয়।

মহুয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরে একই বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক জানান, গত ১৪ আগস্ট মহুয়া তাঁকে ভয়েস মেসেজের মাধ্যমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ও পজিটিভ (O+) রক্তের প্রয়োজনের কথা জানান। পরে তিনি জানতে পারেন, মহুয়ার নিজের চিকিৎসার জন্যই প্লাটিলেট প্রয়োজন ছিল।

মানিকের ভাষ্য অনুযায়ী, প্লাটিলেটের ব্যবস্থা করতে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলেও প্রথমদিকে তাঁদের কারও সঙ্গে প্রয়োজনীয় মিল পাওয়া যায়নি। পরে একজন উপযুক্ত ডোনার পাওয়া গেলে ওই রাতেই মহুয়াকে প্লাটিলেট দেওয়া হয়।

তিনি আরও জানান, মহুয়ার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। সম্প্রতি সেখান থেকে ছাড়পত্র নিয়ে মাত্র এক দিনের জন্য বাড়িতে ফিরেছিলেন তিনি। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁর ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।

মহুয়া তাসনিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠীরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত