, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করে আটকানোর চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।

নিহত আল আমিন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া আল আমিনের বাড়ি মাদারীপুরে। তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকালে নগরীর ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। একজন সেখান থেকে পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন।

একই সময় কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন। তখন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর তিনি বেশ কিছু দূর সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হন।

পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা বাসচালককে আটক করেন। বাসটিও জব্দ করা হয়। আহত আল আমিনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি জানিয়েছে, দায়িত্ব পালনকালে আল আমিনের মৃত্যু পুলিশের দায়িত্ব ও কর্তব্যের প্রতি তার নিষ্ঠার দৃষ্টান্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, দায়িত্ব পালনকালে মৃত্যুর ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী নিহত পুলিশ সদস্যের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত