, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

চট্টগ্রাম বিভাগে সেপ্টেম্বরে ৭৯ সড়ক দুর্ঘটনা, নিহত ৭৫

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বিভাগে ৭৯টি সড়ক দুর্ঘটনায় ৭৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যায় দেশের বিভাগগুলোর মধ্যে ঢাকার পরই রয়েছে চট্টগ্রাম।

রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ঘটেছে মোট দুর্ঘটনার ১৭ দশমিক ৮৭ শতাংশ। একই সময়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ১৭ দশমিক ৭৩ শতাংশই চট্টগ্রাম বিভাগের।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু ছিলেন। মোট প্রাণহানির ৩২ দশমিক ৮৬ শতাংশ ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন।

সংস্থাটির পর্যবেক্ষণে, অতিরিক্ত গতির কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের বেপরোয়া মনোভাব ও অদক্ষতা, দীর্ঘ কর্মঘণ্টা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন না মানার মতো বিষয়গুলোও দুর্ঘটনার জন্য দায়ী।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত