বরিশালের কেডিসি এলাকার মাদক কারবারিদের একটি দল মাদকবিরোধী অভিযান এড়াতে পরিবারসহ কক্সবাজারে ভ্রমণে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। প্রায় পাঁচ দিন পর বরিশালে ফেরার পথে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দলের পাঁচ সদস্যকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে আগে দায়ের হওয়া মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—বরিশাল নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের বিরুদ্ধে নয়টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের মধ্যে গ্রেপ্তার এড়াতে কেডিসি এলাকার কয়েকজন মাদক কারবারি প্রায় দুই লাখ টাকা ব্যয়ে একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজারে যান। পাঁচ দিন পর সোমবার দুপুরে তারা বরিশালে ফেরার পথে বাসটি বরিশাল বিমানবন্দর এলাকায় থামিয়ে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
এ সময় বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরে আগের মাদক মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইতি/
