চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আটক দুজন হলেন—রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।
বিজিবি-৪১ কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর তথ্যমতে, ইকোপার্ক এলাকায় একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন এবং ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস সিগারেট পাওয়া যায়। পরে চালানটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ব্যবহার করে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
আটক দুজন এবং জব্দ করা সিগারেট ও ডাম্প ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-৪১ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইতি/
