চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকা থেকে লোহার জালে আটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা একটি শঙ্খিনী সাপের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রায় চার ফুট লম্বা সাপটির শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত ছিল। বহদ্দারহাটের এভারকিউর ভেটেরিনারি হসপিটালে প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর বর্তমানে সেটি সুস্থ হয়ে উঠছে।
বুধবার (৭ অক্টোবর) সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ রাসেল।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইপাড়া এলাকা থেকে সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবীরা। পরে আহত অবস্থায় সেটিকে এভারকিউর ভেটেরিনারি হসপিটালে নেওয়া হয়।
সাপটির শরীরে গুরুতর ক্ষত দেখে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ৪ অক্টোবর রাত ১০টার দিকে শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় রাত ১টার দিকে। এতে অংশ নেন ডা. মোহাম্মদ রাসেল, ডা. বোরহান উদ্দীন মো. সাজ্জাদ, ডা. জহির উদ্দীন ফয়সাল ও ডা. সাদ্দাম হোসাইন।
ডা. মোহাম্মদ রাসেল জানান, সাপটির মাংসপেশিতে আঘাত বেশ গভীর ছিল এবং ক্ষত হাড়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে অস্ত্রোপচারের সময় শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়।
অস্ত্রোপচারের পর ক্ষতস্থান ধীরে ধীরে শুকিয়ে আসছে। বর্তমানে সাপটিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তরের পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
শঙ্খিনী বাংলাদেশের একটি সংরক্ষিত সাপের প্রজাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, এটি সাধারণত শান্ত স্বভাবের এবং এর খাদ্যতালিকায় অন্যান্য সাপও রয়েছে।
ইতি/
