চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার ৬০০।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৮৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৬৫৪ জন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১ হাজার ৫৯ জন চিকিৎসা নিয়েছেন।
একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছানোয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সংক্রমণ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ইতি/
