, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

আর ক্যাম্পাসে ফিরবেন না—শর্তে ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

টানা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাস ত্যাগ করেছেন। এ সময় তাঁকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের সহযোগিতায় উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আর কখনো ক্যাম্পাসে ফিরবেন না—এই শর্তে তাঁকে চলে যেতে দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী কৌশিক বলেন, উপাচার্য আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন শর্তেই তাঁকে যেতে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাঁকে প্রত্যাখ্যান করেছেন বলেও জানান তিনি। তাঁদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকেই তাঁরা উপাচার্য হিসেবে দেখতে চান।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও কর্মসূচি চলছে। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে।

গত সোমবার (১২ অক্টোবর) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করে নিজের কার্যালয়ে যাওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করেন। এরপর প্রায় ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে তিনি ক্যাম্পাস ছাড়েন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত