, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চুয়েট শিক্ষার্থীদের বাসে হামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা, এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) হাটহাজারীর মদুনাঘাট ও নগরের বহদ্দারহাট এলাকায় এসব ঘটনা ঘটে। এতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ঘটনাগুলোর প্রতিবাদে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পদত্যাগ না করা পর্যন্ত তাঁকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।

মদুনাঘাটে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, চলমান আন্দোলনে যোগ দিতে নগরের বহদ্দারহাট এলাকা থেকে চুয়েটের বাসে ওঠেন যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিরুল কুদ্দুস চৌধুরী। দুপুর আড়াইটার দিকে বাসটি হাটহাজারীর মদুনাঘাট এলাকায় পৌঁছালে সেটি থামানো হয়। পরিস্থিতি বুঝতে বাস থেকে নামার পর একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ করেন তিনি।

আমিরুলের অভিযোগ, তাঁকে ছাত্রলীগ ও শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার তকমা দিয়ে জামা ও চুল ধরে টানাটানি করা হয় এবং মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে জোর করে তুলে নেওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি তাঁর। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দার হস্তক্ষেপে তিনি ওই পরিস্থিতি থেকে রক্ষা পান।

বহদ্দারহাটেও বাসে হামলার অভিযোগ

মদুনাঘাটের ঘটনার পর বিকেলে নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ‘যমুনা’ নামের আরেকটি বাসে হামলার অভিযোগ ওঠে। এ সময় বাসচালককেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।

এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিন্দা

শিক্ষার্থীদের ওপর হামলা ও বাসে ভাঙচুরের অভিযোগে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত যৌথ সভায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

উপাচার্যের পদত্যাগে অনড় শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মদুনাঘাট ও বহদ্দারহাট এলাকায় শিক্ষার্থীদের বাসে হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। নতুন উপাচার্য বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

শিক্ষার্থীদের প্রধান দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।

চুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের মধ্যে বাসে হামলার অভিযোগ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, হামলার তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন এখন সংশ্লিষ্ট পক্ষগুলোর সামনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত