, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, নগরের রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সফরের তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সন্ধ্যায় জে এম সেন হল পরিদর্শন

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

একই দিনে রংপুর ও রাজশাহী সফর

চট্টগ্রামে আসার আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকেলে রাজশাহীতে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামে এসে দুর্গাপূজার আয়োজনে অংশ নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দিনের সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত