, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

সৌদি আরবে যেতে বিকল্প পথে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে কার্যক্রমে বিঘ্ন ঘটায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশ থেকে দেশটিতে যাতায়াতকারী প্রবাসী কর্মী ও অন্যান্য যাত্রীরা। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় অনেকেই কর্মস্থলে ফিরতে বিকল্প বিমানবন্দর ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

কুমিল্লার মুরাদনগর থেকে বিমানবন্দরে আসা রাসেল নামের এক যাত্রী জানান, তাঁর ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাকি থাকলেও সৌদি আরবে কর্মরত মালিক দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ কারণে তাঁকে নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।

রাসেল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু ওই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় টিকিট পরিবর্তন করে একই এয়ারলাইনসের মদিনাগামী ফ্লাইটের টিকিট সংগ্রহ করেছেন। সেখান থেকে কর্মস্থলে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

ছেলেকে বিদায় জানাতে বিমানবন্দরে আসা তাঁর বাবা মো. আলী আহমেদও একই তথ্য জানিয়েছেন। রাসেলের মতো আরও অনেক যাত্রী টিকিট পরিবর্তন করে বিকল্প পথে সৌদি আরবে পৌঁছানোর চেষ্টা করছেন।

বাতিল ১০৭ ফ্লাইট, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে চলমান বিধিনিষেধের কারণে ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে পরিচালিত মোট ১০৭টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণসূচি ব্যাহত হয়েছে ১৬ হাজার ৬২০ জন যাত্রীর।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাওয়ার ৬৩টি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে যাঁদের ছুটি শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে বা দ্রুত কর্মস্থলে যোগ দিতে হবে।

এ অবস্থায় যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিকল্প বিমানবন্দর দিয়ে ভ্রমণের পরিকল্পনা করলে টিকিট পরিবর্তন, সংযোগ ফ্লাইট এবং গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা সম্পর্কেও আগেই নিশ্চিত হওয়া জরুরি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত