, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

মালয়েশিয়ার ‘টিলাইভ’ এবার চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার জনপ্রিয় হালাল লাইফস্টাইল টি ব্র্যান্ড টিলাইভ (Tealive)। 

বৃহস্পতিবার দক্ষিণ খুলশীর রহিম প্লাজা, ডি সিপিডিএলে অবস্থিত আরবান টেরেস ফুড কোর্টে (Urban Terrace Food Court) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যান্ডটির নতুন আউটলেট উদ্বোধন করা হয়। এ আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে টিলাইভের কার্যক্রম সম্প্রসারণে যুক্ত হলো নতুন অধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আখতার পারভেজ, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, বারকোড গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এ. বকর।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিলাইভ বাংলাদেশের পরিচালনাকারী প্রতিষ্ঠান এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী এবং টিলাইভ মালয়েশিয়ার সদর দপ্তরের প্রতিনিধি খায়রুল আনোয়ার। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে টিলাইভ বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দেশের খাদ্য ও পানীয় খাতে আন্তর্জাতিক ব্র্যান্ডের সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

মালয়েশিয়ায় যাত্রা শুরু করা টিলাইভ বর্তমানে বিশ্বের ১২টি দেশে ৯৫০টিরও বেশি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। উদ্ভাবনী পানীয়, বৈচিত্র্যময় স্বাদ ও আধুনিক পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক বুবল টি শিল্পে ব্র্যান্ডটি পরিচিতি অর্জন করেছে।

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এর আগে ঢাকায় টিলাইভের আউটলেট চালু করা হয়। এবার চট্টগ্রামে নতুন আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশে ব্র্যান্ডটির মোট আউটলেট সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে মালয়েশিয়ার বিশেষায়িত চা-সংস্কৃতি ও আন্তর্জাতিক মানের পানীয়ের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী বলেন, “চট্টগ্রামে টিলাইভের যাত্রা শুরু বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চট্টগ্রামের প্রাণবন্ত ব্যবসায়িক পরিবেশ ও বৈচিত্র্যময় ভোক্তা সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে আমরা গ্রাহকদের নতুন স্বাদের পানীয় এবং মানসম্মত সেবা দিতে প্রত্যাশী।”

মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আখতার পারভেজ তাঁর বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রামে মালয়েশিয়ার একটি ব্র্যান্ডের সম্প্রসারণ দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়েও ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষ অতিথি সাফিয়া গাজী রহমান ও মঞ্জুরুল হকের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব যোগ করে। পাশাপাশি জেসিআই চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত এবং বিএমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এ. বকরের অংশগ্রহণ বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্যিক যোগাযোগের তাৎপর্য তুলে ধরে।

টিলাইভ মালয়েশিয়ার প্রতিনিধি খায়রুল আনোয়ারও ব্র্যান্ডটির আন্তর্জাতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের বাজারে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফিতা কেটে নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন। পরে অতিথিদের অংশগ্রহণে ফটোসেশন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

চট্টগ্রামে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশের খাদ্য ও পানীয় খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের পানীয় ও আধুনিক লাইফস্টাইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চায় টিলাইভ বাংলাদেশ।

আরু// ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত