চট্টগ্রামে চাকরিতে পুনর্বহাল ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর লালখান বাজারে ফ্লাইওভারের প্রবেশমুখে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরিচ্যুত হওয়ায় তাঁরা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। এর প্রভাব পড়েছে তাঁদের পরিবারের ওপরও। চাকরি হারানোর পর অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে দিন কাটছে অনেকের।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তাঁরা আবারও কর্মজীবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। সেদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি তুলে ধরার চেষ্টা করেন তাঁরা।
চাকরিচ্যুত ব্যাংকারদের দাবি ও পুনর্বহালের বিষয়টি নিয়ে এখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।
