Tuesday, June 23, 2026

উখিয়ার লাল পাহাড়ে অভিযান ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরসার তিন সদস্যকে আটক করেছে র‍্যাব।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় নামে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার তিন সদস্যকে আটক করা হয়। অভিযানে ২২ টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪ টি মাইন বোমা উদ্ধার করা হয়।

 

আটক আরসা সদস্য হলেন গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

 

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, আটক তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিল। তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহিন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিলো। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ করে আসছিলো।

 

তিনি বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো। তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, গত বছরসহ এই তিনজনকে নিয়ে ৮৩ আরসা সদস্য আটক করেছে র‍্যাব। উদ্ধার করেছে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ।

  • সর্বশেষ
  • পঠিত