, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ধরনের অস্ত্রের মজুত কমে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প যুদ্ধের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।

ইরানের সঙ্গে সংঘাত কতদিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাঁর ধারণা, যুদ্ধ দ্রুতই শেষ হবে। ইরান আর দীর্ঘ সময় সংঘাত চালিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে চলা সংঘাতে মার্কিন সামরিক বাহিনী দূরপাল্লার নির্ভুল হামলা চালাতে সক্ষম কিছু ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার করেছে। এতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, কিছু শক্তিশালী অস্ত্রের পর্যাপ্ত মজুত যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে সব ধরনের অস্ত্রের মজুত একই পর্যায়ে নেই।

তিনি জানান, সামরিক সরঞ্জামের চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নতুন কারখানা স্থাপনের কাজ চলছে, যেখানে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে ট্রাম্প আশাবাদী হলেও সংঘাতের অবসান কবে নাগাদ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত