, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার নির্বাচন ভবন থেকে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। তবে রাষ্ট্রপতি পদে দলটির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দুটি মনোনয়নপত্র সংগ্রহের পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই দলের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহের কারণ এবং শেষ পর্যন্ত কোন ব্যক্তিকে প্রার্থী করা হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

প্রয়োজন হলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এদিকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ না হওয়ায় এখন সবার নজর মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের দিকে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত