বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শুধু আর্থিক সহায়তার মাধ্যমে নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেই মানুষের জীবনমানের স্থায়ী পরিবর্তন আনতে হবে। দেশের তরুণদের প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও তুলে ধরেন তিনি।
চট্টগ্রাম অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং সমুদ্রসম্পদ কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। মীরসরাই থেকে মাতারবাড়ী পর্যন্ত শিল্পায়নের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিনিয়োগ ও শিল্পায়নের জন্য দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে কর্মসংস্থান ও অর্থনীতিতে।
জনসভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি বছর দেশের প্রায় ৪১ লাখ পরিবারের মায়েদের হাতে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাঁশখালী উপজেলায়ও আগামী অর্থবছরের মধ্যে ১০ থেকে ১২ হাজার পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার কথা জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও উল্লেখ করেন।
লবণচাষিদের স্বাবলম্বী করতে লবণের মূল্য নির্ধারণের বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। শিগগিরই নির্ধারিত মূল্য প্রকাশ করা হবে বলে তিনি জানান।
এ ছাড়া দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপনের কথাও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে এখন দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিভেদ ও বিশৃঙ্খলা এড়িয়ে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জনসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ইতি/
