দেশজুড়ে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে কয়েকটি অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পাশাপাশি দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবারের পূর্বাভাসে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশালের কিছু এলাকাসহ রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবারের পূর্বাভাসে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ইতি/
