, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

সোহেল তাজের রাজউক প্লট নিয়ে নতুন সিদ্ধান্তের পথে সরকার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ কোটায় বরাদ্দ দেওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট ও ফ্ল্যাট পুনরায় পর্যালোচনা করছে সরকার। এর অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের নামে বরাদ্দ দেওয়া পাঁচ কাঠার একটি প্লট বাতিলের প্রাথমিক সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। বিষয়টি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

রাজউকের নথি অনুযায়ী, ২০১১ সালে উত্তরা তৃতীয় পর্ব আবাসিক এলাকায় বিশেষ কোটায় সোহেল তাজকে পাঁচ কাঠার প্লটটি বরাদ্দ দেওয়া হয়। ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের ১/এ নম্বর সড়কের প্লটটির আইডি ১৬/ই-০১/এ-০০১। তৎকালীন রাজউক বোর্ডের ষষ্ঠ সভায় এ বরাদ্দ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, প্লটটির জন্য কাঠাপ্রতি ৬ লাখ টাকা হিসাবে মোট ৩০ লাখ টাকা রাজউকের কোষাগারে জমা দেন সোহেল তাজ। ২০১২ সালের ৩০ জুলাই প্লটটি তার কাছে হস্তান্তর করা হয়। তবে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর তিনি প্লটটি তাসফিয়া কলিম ও লামিমা কলিমের কাছে বিক্রি করে দেন বলে রাজউকের নথির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজউক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ কোটায় দেওয়া প্লটের ক্ষেত্রে প্রচলিত আইন ও বরাদ্দের শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। এ যাচাইয়ের অংশ হিসেবেই সোহেল তাজের প্লটের বরাদ্দ প্রক্রিয়ায় অসংগতি ছিল কি না, তা পর্যালোচনা করে বাতিলের প্রাথমিক সুপারিশ করা হয়েছে।

তবে প্লটটি এখনই বাতিল হয়েছে—এমন নয়। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের পর বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত