, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

অপহরণের ৩ দিন পর পটিয়ায় যুবক উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত রেজাউল করিম (২৬) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সন্ধ্যায় পটিয়ার শান্তিরহাট বাজার এলাকা থেকে রেজাউল করিমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে নূরজাহান কমিউনিটি সেন্টারে আটকে রাখা হয়। সেখানে ১২ আগস্ট বিকেল পর্যন্ত তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

রেজাউল করিম চন্দ্রনাইশ উপজেলার সাতবাড়ীয়া হাজীর পাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।

পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলায় জিরি ইউনিয়নের কাজী বাড়ি এলাকার মো. জুনায়েদ (৩১) ও কুসুমপুরা ইউনিয়নের উজির বাড়ি এলাকার আব্দুর রহিমকে (৩০) আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত রেজাউল করিমকে উদ্ধার করা হয়। একই সময় মামলার এজাহারভুক্ত দুই আসামি জুনায়েদ ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত