, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

রোহিঙ্গা দম্পতির কলহে প্রাণ গেল স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নুর হাবা (২৫)। তাঁর স্বামী মো. সেলিমের বয়স ২৪ বছর। পুলিশ জানিয়েছে, দুজনই রোহিঙ্গা নাগরিক। তারা দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকালে সেলিম কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি আবার বাড়িতে ফিরে আসেন। এ সময় স্ত্রীকে ঘর থেকে বের হতে দেখে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে সেলিম ঘরে থাকা কোদাল দিয়ে নুর হাবাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় নুর হাবাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের স্বামী সেলিমকে আটক করে। পরে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে আরও পরিষ্কার হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত