, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

বকেয়া বেতন নিয়ে ফের সড়কে ইত্যাদি জিন্সের শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকেরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকেরা আতুরার ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করা হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানিয়ে সমাধান না পাওয়ায় তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি তাদের অন্যান্য ন্যায্য দাবিও বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

সরকারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ইত্যাদি জিন্স লিমিটেড আতুরার ডিপো এলাকায় নিবন্ধিত একটি তৈরি পোশাক কারখানা। প্রতিষ্ঠানটির নিবন্ধিত ঠিকানা ১৬৭০/২০৯১, পশ্চিম ষোলশহর, আতুরার ডিপো, চট্টগ্রাম।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। সে সময় শ্রমিকদের অভিযোগ ছিল, কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

একই এলাকায় পুনরায় শ্রমিক অসন্তোষের ঘটনায় বকেয়া পাওনা পরিশোধ ও দাবিগুলো দ্রুত সমাধান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত