চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ২৪ ঘণ্টার এ অভিযানে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে মোট ২৫০টি অভিযান পরিচালনা করে পুলিশ। এসব অভিযানে ইয়াবা ও গাঁজার পাশাপাশি ১১৫ লিটার চোলাই মদ, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, তিন বোতল বিদেশি মদ এবং ৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ২৫৫ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ইতি/
