চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিকলবাহা এলাকায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, ডিএনসি ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
অভিযানে মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।
অভিযান চলাকালে একই এলাকার আরেক ব্যক্তির কাছ থেকে ৩০টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ এবং নগদ ১ হাজার ৮০০ টাকা উদ্ধারের তথ্য জানিয়েছে ডিএনসি। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ডিএনসি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও সরবরাহের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/
