, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

বোয়ালখালীতে হাতকড়া পরা আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য ও মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেলেও পরে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামি মোহাম্মদ মহিউদ্দিন (২৮) উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি সিআর মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুলিশের ভাষ্য, রাতে মহিউদ্দিনকে গ্রেপ্তারের পর হাতকড়া পরানো হলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। এ সময় পুলিশের তিন সদস্য ও মামলার বাদীসহ পাঁচজন আহত হন। একপর্যায়ে মহিউদ্দিন হাতকড়া পরা অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আবদুল হালিম, এএসআই মাসুম বিল্লাহ ও কনস্টেবল হাসানুজ্জামান। তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহত অন্য দুজন হলেন মামলার বাদী আবদুল মান্নান ও মোক্তার হোসেন।

এ ঘটনায় চরণদ্বীপ ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ জেবল হোসাইনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মূল মামলার আসামি নন। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মহিউদ্দিনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত