, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

রাজমিস্ত্রি ও অটোরিকশাচালকের আড়ালে অস্ত্রের কারবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০টি গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাটহাজারীর জামাল হোসেন ও কবির আহমদ। পুলিশের তথ্য অনুযায়ী, জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক।

পুলিশের দাবি, নিজেদের পেশাগত পরিচয়ের আড়ালে তারা অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। অস্ত্র কেনার আগ্রহ দেখিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালানো হয়। এ সময় তারা অস্ত্র বিক্রির জন্য ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাম চেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, হাটহাজারীর সরকারহাট এলাকার একটি অটোরিকশার গ্যারেজে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। গ্যারেজে ওসমান নামে এক ব্যক্তি অস্ত্র তৈরির কাজ করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরে তৈরি করা অস্ত্র জামাল ও কবিরের মাধ্যমে বিক্রি করা হতো বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্যারেজের মালিক দেশের বাইরে থাকায় ওসমান দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে আসছিলেন। গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির বিষয়টি তদন্তে উঠে এসেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওসমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে অস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্টতা ও বিক্রির অভিযোগগুলোর বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত