, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

কুমিল্লায় লংমার্চের পথসভায় সরকারের সমালোচনায় ১১ দলীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার পদুয়া বাজারে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায়। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

বক্তব্যের শুরুতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি তোলেন জামায়াত আমির। একই সঙ্গে কুমিল্লা বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাকে বিভাগ করার দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তাঁর ভাষ্য, কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে আর বিলম্ব না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও প্রশ্ন করেন জামায়াত আমির।

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচির পর ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি আদায়ের সেই কর্মসূচিতেও কুমিল্লার জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের মন্ত্রীদের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ কেউ দুর্নীতি এবং বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে দাবি করেন তিনি।

সরকারের কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখল ও মাদকের মতো বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে তিনি সরকারের সমালোচনা করেন। একই সঙ্গে সরকারের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনগণের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ কমাতে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের পরিধি আরও বাড়বে। সরকারের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগও তোলেন তিনি।

পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মহাসড়কে ধীরগতি

পদুয়া বাজার বিশ্বরোডে পথসভাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। নেতা-কর্মীদের একটি অংশ মহাসড়কের পাশে অবস্থান নেওয়ায় ঢাকামুখী লেনে যানবাহনের গতি কমে যায়।

অন্যদিকে লংমার্চের গাড়িবহর চট্টগ্রামমুখী লেনে চলাচল করায় ওই পাশেও কয়েক দফা ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

এর আগে সকালে ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার ঘোষণা দেওয়া হয়েছিল। শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের কথা রয়েছে।

আয়োজকদের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত