অপরাধ দমন, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি হিসেবে ফরিদা ইয়াসমিনের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মীরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখেন ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার, সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার এবং হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন কার্যক্রমে সাফল্যের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
মীরসরাই থানায় বর্তমানে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। থানাটির দায়িত্ব পালনকারী প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন এর আগেও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফরিদা ইয়াসমিন বলেন, এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি মীরসরাই থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতি/
