চট্টগ্রামের সাতকানিয়ায় জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’ (৩৫) হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পরে বিভিন্ন স্থান থেকে মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার বর্ণনায় পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে জাহিদুল তাঁর বন্ধু মোহাম্মদ ওয়াহিদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজালিয়া থেকে বাড়ির দিকে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে।
এ সময় হামলাকারীরা জাহিদুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে ওয়াহিদও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্টরা বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান। ঘটনার পাঁচ দিন পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়।
নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে ‘সর্বহারা নূরু’র ছেলে।
পুলিশের দাবি, জাহিদুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা ছিল। চলতি বছরের জানুয়ারিতে পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০৪টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন।
হত্যা মামলায় গ্রেপ্তার ১০ জনকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/
