, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলায় মোট ৫২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯১ জনকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর তথ্য অনুযায়ী, মাদকবিরোধী কার্যক্রমে মাদক মামলার আসামিদের পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার ৪০ জন মাদক ব্যবসায়ীও রয়েছেন। ফলে মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে।

মাদক মামলায় গ্রেপ্তার ৯১ জনের মধ্যে তিনজনকে মাদক বহনের অভিযোগে এবং ৮৮ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ৯১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, এক ক্যান বিয়ার এবং পাঁচ বোতল স্কাফ সিরাপ।

মাদক উদ্ধারের ঘটনায় এ সময় ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত