, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 79%

চান্দগাঁওয়ে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে অপহরণের প্রায় ছয় ঘণ্টার মধ্যে এক বছর নয় মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোজাম্মেল হোসেন (৪১) ও দিলো আরা বেগম (৪০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে শিশুটির পরিবার নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।

এসআরবি-৭ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বাসা থেকে কৌশলে শিশুটিকে নিয়ে যায় ১৫ বছর বয়সী ওই কিশোর। এ ঘটনায় শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে এসআরবি-৭। সংস্থাটির তথ্যমতে, ১৭ সেপ্টেম্বর বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকেই শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি জানিয়েছে, মোজাম্মেল হোসেন ও দিলো আরা বেগমের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল। তারা সম্পর্কে ওই কিশোরের মামা-মামি।

পরে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেনকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলো আরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত