, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৮৪০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জন।

এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৩১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, বর্ষা ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়লে ডেঙ্গুর সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। তাই বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত