, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নাইট মার্কেট

নিজস্ব প্রতিবেদক

নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা ও যানজট কমানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় নাইট মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ইতোমধ্যে আগ্রাবাদ ও চকবাজারে এ কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, শুধু উচ্ছেদ অভিযান কিংবা আইন প্রয়োগের মাধ্যমে নগরীর সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র জানান, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে তাঁদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত ব্যবসায়ীদের জন্য নগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ফুটপাত বা সড়কের পাশে ব্যবসা করা ব্যক্তিদের উচ্ছেদ করার পর বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকলে একই সমস্যা আবারও দেখা দিতে পারে। তাই নগর ব্যবস্থাপনার পাশাপাশি তাঁদের সামাজিক নিরাপত্তা ও জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

চট্টগ্রামকে একটি কসমোপলিটন নগরী উল্লেখ করে মেয়র বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জীবিকার সন্ধানে এ শহরে আসছেন। ফলে নগরীর শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

পরিকল্পিত নগর গড়ে তুলতে বিভিন্ন সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, উচ্ছেদ অভিযানের পর সংশ্লিষ্ট স্থানগুলোর স্থায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে পুনরায় দখল ও বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে মেয়র মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা প্রসঙ্গে মেয়র বলেন, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমেও একই ধরনের জবাবদিহি বজায় রাখা জরুরি।

নগরীর যানজট ও জননিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগের কথাও জানান মেয়র। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে উন্নত ট্রাফিক ব্যবস্থা চালুর পাশাপাশি ক্যামেরাভিত্তিক নজরদারি জোরদারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত