, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি এঁকেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবরের পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ বাতিল এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি তুলে ধরা হয়।

এদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম সাম্প্রতিক এক বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সংখ্যা ৩০ থেকে ৩৫ জন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের কথা জানিয়েছেন।

অন্যদিকে, ওই বক্তব্যের প্রতিবাদে শনিবার দুপুরে নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সময়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং বিকেলে সংবাদ সম্মেলনের কর্মসূচিও রয়েছে।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।,

এর পরপরই নতুন উপাচার্যের নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান। এ দাবিতে ক্যাম্পাসে শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের পর কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কামাল এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত