, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 79%

বিদেশি ঋণ এসেছে ২৯ কোটি ডলার, দুই মাসে পরিশোধ প্রায় ৭০ কোটি

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো থেকে বাংলাদেশে ঋণ এসেছে ২৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। বিপরীতে একই সময়ে আগের নেওয়া ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জুলাই-আগস্টের বিদেশি ঋণসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশে বিদেশি ঋণ এসেছিল প্রায় ৭৫ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঋণ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

জুলাই-আগস্টে পাওয়া ২৯ কোটি ৪৫ লাখ ডলারের পুরো অর্থই প্রকল্প ঋণ হিসেবে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ কোটি ৮৭ লাখ ডলার দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংক দিয়েছে ৭ কোটি ৩৯ লাখ ডলার এবং জাপান দিয়েছে প্রায় ৪ কোটি ডলার।

অন্যদিকে, একই সময়ে পুরোনো বিদেশি ঋণের বিপরীতে বাংলাদেশকে মোট ৬৯ কোটি ৮৯ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ৫১ কোটি ৬০ লাখ ডলার ছিল ঋণের আসল এবং ১৮ কোটি ২৮ লাখ ডলারের বেশি ছিল সুদের হার

এ হিসাবে জুলাই-আগস্টে নতুন করে যে পরিমাণ বিদেশি ঋণ এসেছে, তার তুলনায় পরিশোধের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৪ গুণ।

এদিকে, প্রথম দুই মাসে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে প্রায় ২৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়েও নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি ডলার।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত