, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

বাকলিয়ায় মাদক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। তবে পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনা ঘটেনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে থানার এক্সেস রোডসংলগ্ন সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত হননি।

ওসি বলেন, সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেনি। বিকট শব্দের বিষয়ে তিনি জানান, ফটকা ফোটানো এবং টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে এমন শব্দ হয়ে থাকতে পারে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত