, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

ফ্যামিলি কার্ডে ভাতা পেতে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নির্ধারিত সময়ে পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদফতর।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদফতর জানিয়েছে, ফ্যামিলি কার্ডের ভাতা উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি পাঠানো হচ্ছে।

২০২৬–২৭ অর্থবছরের প্রতিটি মাসের কিস্তি যথাসময়ে পরিশোধের জন্য প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের তথ্যের ভিত্তিতে নির্ভুল পে-রোল প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এ ছাড়া কোনো উপকারভোগীর মৃত্যু কিংবা অন্য কোনো কারণে তালিকা থেকে প্রতিস্থাপনের প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।

ভাতার অর্থ নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে বিতরণ নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদফতরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত