, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

রাউজানে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার, পুলিশের দাবি রায়হানের সহযোগী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তবলীগের নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে একটি দেশীয় এলজি, দুটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাউজান থানা পুলিশের টহল দল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা যৌথভাবে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা গেছে, শাহাদাত ও জাফর রায়হান নামে এক ব্যক্তির নির্দেশনায় চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। একইভাবে সাফায়েত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তবে এসব তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি রয়েছে।

এ ঘটনায় রাউজান থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। রায়হানের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত