, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

হাটহাজারীতে ১২০০ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১ হাজার ২০০ কৃষক-কিষাণীর মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের কৃষিবান্ধব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে মীর হেলাল জানান, সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় হাটহাজারীর প্রায় ১ হাজার ২০০ কৃষক-কিষাণী কৃষক কার্ড পেয়েছেন। এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাটহাজারী, বায়েজিদসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সরকার কাজ করছে। কৃষি ও কৃষকের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত