, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পরিবেশবান্ধব পর্যটন প্রকল্পের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ উপকূলীয় এলাকায় আন্তর্জাতিক মানের পাঁচ তারকা পরিবেশবান্ধব অবকাশকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগের কথা বলা হয়েছে।

প্রকল্পটি এগিয়ে নিতে মালয়েশিয়ার ব্যবসায়ী ও হোটেল-রিসোর্ট উদ্যোক্তা তান শ্রী সৈয়দ ইউসুফ জোজো, মালদ্বীপের সাবেক উপরাষ্ট্রপতি ও পর্যটনমন্ত্রী আহমেদ আদিব এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজার-টেকনাফ অঞ্চলে টেকসই ও পরিবেশবান্ধব একটি বড় পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। এতে বিলাসবহুল হোটেল ও ভিলা, আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র, বিনোদন সুবিধা এবং প্রকৃতিনির্ভর পর্যটন অবকাঠামো রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের ব্র্যান্ড ও পরিচালনার বিষয়ে মুভেনপিক, নভোটেল ও গ্র্যান্ড হায়াতসহ কয়েকটি আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বাণিজ্যিক আলোচনা শেষে পরিচালনাকারী প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে।

এদিকে, প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগটি এখনো চূড়ান্ত নয়। সম্ভাব্যতা যাচাই, প্রকল্পের স্থান নির্বাচন, সরকারি অনুমোদন ও চূড়ান্ত বিনিয়োগ চুক্তিসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও উপকূলীয় পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের একটি টেকসই পর্যটন গন্তব্য গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত