, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

 ক্যাশলেস সুন্দর অর্থনীতি গড়ে তুলতে দেশের সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক ডিজিটাল লেনদেনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো অতিরিক্ত ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও লেনদেন ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

মন্ত্রী জানান, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাইকে এই ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বাংলা কিউআর ব্যবহার করে সহজেই অর্থ গ্রহণ করা যাবে।

তিনি বলেন, এ পদ্ধতি চালু হলে দৈনন্দিন কেনাকাটা ও আর্থিক লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত কিছু জটিলতা দেখা দিতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধান করে ব্যবস্থাটিকে সবার জন্য সহজলভ্য করা সম্ভব। বাংলাদেশ ব্যাংক দেশে সর্বজনীন কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন ব্যবস্থায় ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাতে বাসসের ১০ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়, সে সময় বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ১২০ কোটি টাকায় পৌঁছেছিল।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত