দেশের রেল যোগাযোগে যুক্ত হতে যাচ্ছে বৈদ্যুতিক ট্রেন। প্রথম ধাপে নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ওভারহেড ক্যাটেনারি, বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা হবে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা। এর আওতায় পাঁচ কোচের ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহ এবং জয়দেবপুরে ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ কেবল রাজধানীকেন্দ্রিক বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প নয়; ভবিষ্যতে ঢাকা–চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক রেলব্যবস্থা সম্প্রসারণের ভিত্তি হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে টঙ্গী–আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে উন্নীত করার পরিকল্পনা এগোচ্ছে। প্রায় ৯৭ কিলোমিটার এ অংশের প্রকল্প ব্যয় প্রস্তাব করা হয়েছে ১৪ হাজার ৫৮৭ কোটি টাকা। পাশাপাশি লাকসাম–চট্টগ্রাম অংশের ১৩১ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগও রয়েছে। এ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রায় ১৬ হাজার ৯৫৪ কোটি টাকা।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা–চট্টগ্রাম করিডোরের বিভিন্ন অংশ ডুয়েলগেজে উন্নীত হওয়ার সঙ্গে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থাও পর্যায়ক্রমে যুক্ত করা হতে পারে। এতে ভবিষ্যতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাবনাও তৈরি হবে। বিদ্যমান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম–দোহাজারী অংশের উন্নয়নও এ সম্প্রসারণের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বৈদ্যুতিক ট্রেন চালু করতে শুধু রেললাইনে ক্যাটেনারি তার স্থাপন করলেই হবে না। বিদ্যুৎ সরবরাহ, সাবস্টেশন, সিগন্যালিং, লেভেল ক্রসিং এবং উপযুক্ত রোলিং স্টক—সবকিছুর সমন্বিত প্রস্তুতি প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার ও কমিউটার ট্রেনের প্রয়োজন ভিন্ন হওয়ায় শুরুতেই ট্রেনের সক্ষমতা ও কারিগরি স্পেসিফিকেশন সঠিকভাবে নির্ধারণ করা জরুরি।
এরই মধ্যে ঢাকা–চট্টগ্রাম রেল করিডোরের বিভিন্ন অংশে ডাবল লাইন ও ডুয়েলগেজ অবকাঠামো তৈরির কাজ এগিয়েছে। ফলে ধাপে ধাপে বৈদ্যুতিক ট্র্যাকশন যুক্ত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলপথ আধুনিক ও দ্রুতগতির রেল যোগাযোগ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে।
ইতি)
