পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা পবিত্র ধর্মীয় স্থানের মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশ বিবৃতিতে আরও জানায়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে দেশটি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকির দাবি, তদন্ত এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
সৌদি জোটের তথ্য অনুযায়ী, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়ে। তবে এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেনি। কেন্দ্রটি মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়।
অন্যদিকে, হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। ফলে ঘটনাটি নিয়ে সৌদি জোটের অভিযোগ ও হুথিদের পাল্টা বক্তব্যের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে।
ইতি/
