, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 65%

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে

বিইআরসির নির্ধারিত নতুন দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১৩২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৪ পয়সা।

এদিকে, এলপিজির দাম বাড়লেও বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার কিনতে নির্ধারিত দামের অতিরিক্ত ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের।

এর আগে গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছিল। তবে চলতি মাসে আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতির প্রভাবে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহ করা ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকা রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়ে প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

উল্লেখ্য, এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে এসব উপাদানের মূল্য এবং সৌদি আরামকোর প্রকাশিত সৌদি কার্গো মূল্য (সিপি) বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। ২০২১ সালের এপ্রিল থেকে সংস্থাটি এ মূল্য নির্ধারণ করে আসছে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত