চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৭০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতালভিত্তিক হিসাবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৫ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে মোট ৪ হাজার ৮০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৯৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৮৩৩ জন।
এ সময়ে জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫৬৬ জন।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার এবং ব্যক্তিগত সুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইতি/
