, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

এলপিজির দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে এলপিজি সংকট ধীরে ধীরে কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেল যোগাযোগের উন্নয়ন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, রেল খাতকে গুরুত্ব দিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি নতুন লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে। কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে গেলেও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা বাড়াতে ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের কথাও জানান তিনি। নতুন ব্যবস্থায় কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ বলেন, প্রাথমিকভাবে হামলার সঙ্গে জড়িতদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে ফৌজদারি অপরাধের বিষয় থাকলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—সেটি আলাদা আলোচনার বিষয়। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে সরকার আগ্রহী।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের কিছু ইতিবাচক দিক রয়েছে। তবে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত