, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

সাতকানিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি কর্মীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক শিশুকে চেতনানাশকজাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের একজন মোহাম্মদ ইমনকে বিএনপির কর্মী।  

রোববার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামের মোহাম্মদ ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

প্রাপ্ত তথ্যমতে, ইমনের বাবার নাম মোহাম্মদ শফি এবং মায়ের নাম বেবি আক্তার। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া এলাকার ডেইলি পাড়ার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাবা মারা যাওয়ার পর শিশুটি তার মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করছিল। গত ২০ অক্টোবর মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী হোসনে আরা (৩২) নামের এক নারী তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ মিশিয়ে খাওয়ানোর পর ইমন ও আবছার তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রোববার সকালে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার দুইজনের পাশাপাশি অপরাধে সহায়তা ও প্ররোচনার অভিযোগে হোসনে আরাকেও আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

শিশুটির প্রতি সংঘটিত অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা নির্ধারণ ও অভিযুক্তদের দায় আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরু/ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত